পাকিস্তন সিরিজে দারুণ ছন্দে আছেন লিটন দাস। ব্যাট হাতে ঢাকা টেস্টে ইনিংস খুব বেশি বড় করতে না পারলেও সিলেটে প্রথম ইনিংসে পেয়েছেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও করেছেন ফিফটি। একই সঙ্গে উইকেটের পেছনে দাঁড়িয়েও দুর্দান্ত কিপিং করে চলেছেন। লাল-সবুজদের পেস বোলিং কোচ শট টেইটের মতে লিটন বিশ্বমানের উইকেটরক্ষক।
সিলেট টেস্টে শনিবার টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৮ রানে থামে স্বাগতিক দল। জবাবে ২৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৪৬ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৯০ রানে অলআউট হয় টিম টাইগার্স। নাজমুল হোসেন শান্তদের সংগ্রহ দাঁড়ায় ৪৩৬ রান। বড় লক্ষ্যে নেমে ৭ উইকেটে ৩১৬ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ১২১ রানের লক্ষ্য নিয়ে শেষদিনে নামবেন মোহাম্মদ রিজওয়ান (৭৫) ও সাজিদ খান (৮)।
চলতি টেস্টে উইকেটের পেছনে লিটনের পারফরম্যান্স দারুণ। বেশ কিছু দুর্দান্ত সেভের সঙ্গে নিয়েছেন দুর্দান্ত ক্যাচও। চতুর্থ দিনেই উইকেটের পেছনে ঝাঁপিয়ে বাবর আজমের ক্যাচ নিয়েছেন লিটন। এর আগে দিনের শুরুতে তাসকিন আহমেদের একটি ডেলিভারি লেগ স্টাম্পের বাইরে পিচ করে বল চলে যাচ্ছিল আরও বাইরে। সেই বল পুরো শরীর প্রসারিত করে ধরেছেন লিটন। নাহলে নিশ্চিতভাবেই চার রান খরচ হতো বাংলাদেশের।
লিটনের কিপিং ম্যাচে বড় পার্থক্য গড়ে দিচ্ছে জানিয়ে টেইট বলেছেন, ‘স্টাম্পের পেছনে লিটন কতটা ভালোভাবে কাজ করছে, তা সত্যিই অসাধারণ, বিশেষ করে গত এক মাসে। ম্যাচ শেষে ডাগআউটেও আমরা এটা নিয়ে কথা বলেছি এবং তার কিপিংয়ের প্রশংসা করেছি, কারণ এটা ম্যাচে বড় পার্থক্য তৈরি করে। আর তাইজুলের কথা বললে, আজকের প্রচণ্ড গরমে সে যেভাবে সারাদিন বোলিং করেছে, সেটা ছিল এক অসাধারণ লড়াই। এত গরমেও শেষ মুহূর্তে নতুন বলে উইকেট নেওয়া সত্যিই দারুণ। আর এই মুহূর্তে লিটনের কিপিং এক কথায় বিশ্বমানের।’




