যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টিকে মস্কো ও কিয়েভ জটিল করলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মধ্যস্থতা থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে।
আজ (১৯ এপ্রিল) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেছেন, সুনির্দিষ্ট কয়েক দিনের মধ্যে একটি যুদ্ধবিরতি তিনি আশা করছেন না বরং তিনি চেয়েছেন এটা দ্রুত হোক।
রাশিয়ান ও ইউক্রেনের মধ্যকার চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, আমরা আলোচনা করছি যে মানুষ মারা যাচ্ছে। আমরা তা বন্ধ করতে চাই। এখন কোন কারণে কোন একটি পক্ষ এটিকে জটিল করলে আমরা শুধু বলবো ‘তোমরা বোকা, তোমরা গর্দভ, তোমরা ভয়ানক’ এবং আমরা সরে দাঁড়াচ্ছি।
এর কয়েক ঘণ্টা আগেই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অগ্রগতির সুস্পষ্ট লক্ষণ না দেখলে যুক্তরাষ্ট্র এই আলোচনা বাদ দিবে বলে সতর্ক করে বলেন, আমরা সপ্তাহ বা মাস ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাবো না, নজর দেয়ার মতো যুক্তরাষ্ট্রের আরও অগ্রাধিকার আছে।
এর মধ্যেই রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। খারকিভ ও সুমিতে শুক্রবারের হামলায় দুজন নিহত এবং অন্তত একশ মানুষ আহত হয়েছে। মস্কো ২০২২ সালে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেছিলো। রাশিয়ান বাহিনী ধীর গতিতে হলেও ক্রমান্বয়ে দেশটির পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে।






