রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টিপাতের সময় দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



