প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় স্পেন। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হবে, এমন ভাবনা যখন সবার মনে, তখনই বাঁ পাশ থেকে উড়ে আসে বল। ডেলি ব্লিন্ড মাঝমাঠের কিছুটা ওপর থেকে বক্সের ভেতর এক অবিশ্বাস্য লম্বা বল বাড়ান। বল যখন বাতাসে ভাসছে, তখন সবাই ধরেই নিয়েছিল বলটা হয়তো সহজেই ধরে ফেলবেন ক্যাসিয়াস। ফন পার্সি সর্বোচ্চ চেষ্টা করলেও বলের নাগাল পাবেন না। কিন্তু সবার কল্পনাকে হার মানিয়ে দিয়ে তিনি যা করলেন, তার ব্যাখা শুধু দুই শব্দেই দেওয়া সম্ভব—ফ্লাইং ডাচম্যান!
সবাইকে অবাক করে দিয়ে ফন পার্সি ভেসে উঠলেন শূন্যে। মাটি থেকে প্রায় তিন ফুট উঁচুতে ভেসে উঠে ফন পার্সি করলেন এক অবিশ্বাস্য ‘ডাইভিং হেড’। স্পেনের ইতিহাসের সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস স্রেফ তাকিয়ে তাকিয়ে দেখলেন মাথার ওপর দিয়ে বল জড়িয়ে গেল জালে। ফন পার্সি শুধু লাফিয়ে ওঠেননি, যেন মাধ্যাকর্ষণ শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বাতাসে স্থির হয়ে গিয়েছিলেন। ফন পার্সির ভেসে থাকার পোজ এতটাই জনপ্রিয় হয়েছিল যে ইন্টারনেটে ‘পার্সিয়িং’ নামের এক ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল, যেখানে সবাই তাঁর মতো করে ডাইভ দেওয়ার ভিডিও আপলোড করছিল টুইটারে।



