‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বা ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ আসরের মূল আয়োজক এখন মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের মাটিতে বিশ্বকাপের এই ঐতিহাসিক আসর নিয়ে নিয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আর প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গ্যালারিতে থাকছেন না তিনি।
ট্রাম্পকে এর আগেও বড় বড় অনেক ইভেন্টে দেখা গেছে। সেই হিসেবে বিশ্বকাপের মতো বড় আসরে তার অনুপস্থিতি অনেকের কাছেই বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এর কারণ অবশ্য ভিন্ন একটি আয়োজনের কারণে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর এবং নিজের ৮০তম জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের সাউথ লনে ট্রাম্প আয়োজন করেছেন ‘ফ্রিডম ২৫০’ নামের এক বিশাল স্পোর্টস ইভেন্ট। এটি মূলত মিশ্র মার্শাল আর্ট বা এমএমএ-অর্থাৎ বক্সিং, কুস্তি ও লাথি-ঘুষির এক রোমাঞ্চকর মিশ্র লড়াই। ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই ধরনের শারীরিক শক্তির লড়াইয়ের বড় ভক্ত। তাই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার চেয়ে নিজের বাড়ির আঙিনায় এই আসরে মনোযোগ দিচ্ছেন।
বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচটি। তার ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী পর্বের যুক্তরাষ্ট্র অংশ।



