পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’ | চ্যানেল আই অনলাইন

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’ | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের মূল ক্যাম্পে যোগ দিতে পর্তুগাল দলের সঙ্গে লিসবন ছাড়ার আগে আত্মবিশ্বাসের সুর শোনা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর কণ্ঠে। ৪১ বর্ষী এই মহাতারকা জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর আগে তিনি খুবই ইতিবাচক বোধ করছেন। একই সঙ্গে তার বিশ্বাস, বর্তমান পর্তুগাল দল প্রতিভা ও সামর্থ্যে ভরপুর এবং দেশের সমর্থকদের জন্য স্মরণীয় কিছু অর্জন করার ক্ষমতা রাখে।

পর্তুগিজ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বলেছেন, ‘আমরা অনেক আশা নিয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছি। প্রস্তুতি খুব ভালো হয়েছে, ক্লান্তিকরও বটে, কারণ কঠোর পরিশ্রম করেছি। আমি খুবই ইতিবাচক বোধ করছি। আমার বিশ্বাস, সব ভালোভাবেই যাবে এবং আমরা দারুণ একটি পারফর্ম্যান্স উপহার দেব।’

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, প্রথম ম্যাচ ভালোভাবে শুরু করা, দ্বিতীয়-তৃতীয় ম্যাচেও ধারা বজায় রাখা, গ্রুপ শীর্ষে শেষ করা এবং একটি একটি ম্যাচ করে ফাইনালের দিকে এগিয়ে যাওয়া।’

পর্তুগাল দলের মূল মুখ এখনো রোনালদোই। তবে দলটিতে আছেন একঝাঁক প্রতিভাবান খেলোয়াড়, যারা যেকোনো প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখেন। ব্রুনো ফের্নান্দেজ, ভিতিনহা, জোয়াও নেভেস এবং রাফায়েল লিওদের মতো খেলোয়াড়েরা পর্তুগালের বর্তমান ও ভবিষ্যতের মূল শক্তি।

নিজের সতীর্থদের নিয়ে রোনালদো বলেছেন, ‘এটি একটি দারুণ প্রজন্ম, কিন্তু এমন কিছু বিষয় আছে যা আমাদের নিয়ন্ত্রণে নেই। জয় বা পরাজয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, এই দলটি পর্তুগিজদের অনেক আনন্দ দেবে।’

আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

Scroll to Top