যুক্তরাষ্ট্রে ইরান ফুটবলারদের হেনস্তার অভিযোগ, ক্ষুব্ধ কোচ আমির গালেনোই – DesheBideshe

যুক্তরাষ্ট্রে ইরান ফুটবলারদের হেনস্তার অভিযোগ, ক্ষুব্ধ কোচ আমির গালেনোই – DesheBideshe


যুক্তরাষ্ট্রে ইরান ফুটবলারদের হেনস্তার অভিযোগ, ক্ষুব্ধ কোচ আমির গালেনোই – DesheBideshe

লস অ্যাঞ্জেলেস, ১৬ জুন – যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ইরান জাতীয় ফুটবল দলের সদস্যদের হেনস্তা ও ইমিগ্রেশনে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই-দুই গোলে ড্র করার পর লস অ্যাঞ্জেলেসেই রাত কাটানোর পরিকল্পনা ছিল ইরানি দলের। উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের যথাযথ শারীরিক পুনরুদ্ধার বা রিকভারি নিশ্চিত করা।

কিন্তু মার্কিন কর্তৃপক্ষের নির্দেশে তাদের দ্রুত লস অ্যাঞ্জেলেস ছেড়ে মেক্সিকোর তিহুয়ানায় অবস্থিত নিজেদের বেজ ক্যাম্পে ফিরে যেতে বাধ্য করা হয়। ফেরার পথে বিমানবন্দরে নতুন করে বিড়ম্বনায় পড়েন অধিনায়ক মেহদি তারেমি ও সাঈদ আল-হাওয়ি। তাদের পাসপোর্ট ও ইমিগ্রেশন প্রক্রিয়া নিয়ে দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়।

ইরান ফুটবল ফেডারেশন দাবি করেছে যে, দেশটিতে প্রবেশের সময় যেমন কড়াকড়ি ছিল, প্রস্থানকালেও অনাকাঙ্ক্ষিতভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। যখন দলের বাকি সদস্যরা বিমানে অবস্থান করছিলেন, তখন এই দুই ফুটবলারকে বিমানবন্দরেই প্রয়োজনীয় নথিপত্রের কাজের জন্য আটকে থাকতে হয়।

এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির গালেনোই। তিনি বলেন যে, কেন তাদের এভাবে তড়িঘড়ি করে মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হলো তা বোধগম্য নয়।

গালেনোইর মতে, এই সিদ্ধান্তের ফলে খেলোয়াড়দের বিশ্রামে ব্যাঘাত ঘটেছে এবং রিকভারি প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন যে অন্য কোনো দলকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে না।

দলের অধিনায়ক মেহদি তারেমি জানিয়েছেন, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি ও কোচিং স্টাফের অনেক সদস্য দলের সঙ্গে থাকতে পারেননি।

ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব খেলার মাঠেও পড়ছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন দেখা দিচ্ছে।

গ্রুপ পর্বে ইরানের পরবর্তী ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনএন/ ১৬ জুন ২০২৬



Scroll to Top