মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের মধ্যেই বিশ্বকাপ ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়েছিল ইরান। গ্রুপপর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর তাদের যতদ্রুত সম্ভব দেশটি ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, দাবি করেছেন ইরানের কোচ আমির ঘালেনোই। নিজেদের এবারের বিশ্বকাপে সবচেয়ে নিপীড়িত দলও বলেছেন তিনি।
ইরানের কোচ গালেনোই বলেছেন, তার দল সম্ভবত ‘পুরো বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল।’ ম্যাচের পর ইরান লস অ্যাঞ্জেলেস ছেড়ে মেক্সিকোর টিহুয়ানায় অনুশীলন ক্যাম্পে ফিরে যায়। এভাবে মঙ্গলবার রাতেই দলের ফেরার পরিকল্পনায় খুশি নন কোচ।
ইরান কোচ সংবাদমাধ্যমে দোভাষীর মাধ্যমে জানান, ‘আমরা যাতায়াতের জন্য আকাশপথে এতবেশি সময় কাটিয়েছি যে, খেলার আগে আমরা ঠিকমতো নিজেদের গুছিয়ে নিতে পারিনি। খেলার পর আমাদের বলা হয়েছে, আপনাদের দ্রুত চলে যেতে হবে।’
‘আমাদের বিশ্রামের সময় পাওয়াটা খুবই জরুরি ছিল। কিন্তু তিহুয়ানার ক্যাম্পে ফিরে যেতে বলা হয়েছে। এ ঘটনায় আমরা সত্যিই খুব উদ্বিগ্ন।’ এরপর তিনি বলেন, ‘মনে হয় আমাদের দলই এই পুরো বিশ্বকাপে সবচেয়ে বেশি নিপীড়িত দল।’
নানা টানাপোড়েন এবং প্রস্তুতির পর সোমবার সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে মাঠে নামে ইরান। রাজনৈতিকভাবে উত্তপ্ত ও যুদ্ধ পরিস্থিতি বিরাজ করা যুক্তরাষ্ট্রের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে এশিয়ার দেশটি।



