যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু | চ্যানেল আই অনলাইন

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু | চ্যানেল আই অনলাইন

যুক্তরাজ্যে চলতি বছরের মে ও জুন মাসে বয়ে যাওয়া তীব্র তাপদাহে অন্তত ২ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।  জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হওয়ায় এই অতিরিক্ত প্রাণহানির ঘটনা ঘটেছে।

আল জাজিরা জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক যৌথ গবেষণায় এই তথ্য প্রকাশ করে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাজ্যের আবহাওয়া সংস্থা মেট অফিস এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা জানান, ২১ থেকে ২৯ মে পর্যন্ত তাপদাহে প্রায় ৫৫০ জন এবং ১৮ থেকে ২৮ জুনের মধ্যে আরও প্রায় ২ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়ার তথ্য, জলবায়ু মডেল এবং অতিরিক্ত মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করা হয়েছে।

চলতি বছর যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে দুটি রেকর্ড ভাঙা তাপপ্রবাহ আঘাত হানে। ইংল্যান্ডে মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ১ ডিগ্রি এবং জুনে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তবে, জলবায়ু পরিবর্তনবিষয়ক পরামর্শক সংস্থা ক্লাইমেট চেঞ্জ কমিটি আগেই সতর্ক করেছিল, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুক্তরাজ্য এখনও পর্যাপ্তভাবে প্রস্তুত নয়। বিশেষজ্ঞরা কর্মক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রার সীমা নির্ধারণ এবং হাসপাতাল, স্কুলসহ সরকারি ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) জানিয়েছে, সাম্প্রতিক তাপপ্রবাহে মৃত্যুর সরকারি হিসাব আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

Scroll to Top