
আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে বড় বিপাকে পড়েছে বুরকিনা ফাসো। ম্যাচের আর ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকলেও এখনও আর্জেন্টিনায় পৌঁছায়নি আফ্রিকার দলটি। তাতে মনুমেন্টাল স্টেডিয়ামে রোববার নির্ধারিত ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় ম্যাচটি হওয়ার কথা। সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরই আর্জেন্টিনায় পৌঁছানোর কথা ছিল বুরকিনা ফাসোর। কিন্তু ভ্রমণ জটিলতায় দলটি কাসাব্লাঙ্কায় আটকে যায়। এরপর নির্ধারিত চার্টার্ড ফ্লাইটও বাতিল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
শুক্রবার বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন (এফবিএফ) জানিয়েছে, কোনো পূর্বঘোষণা ছাড়াই বিমান সংস্থাটি নির্ধারিত ফ্লাইট বাতিল করে। এতে দলের ভ্রমণসূচি নতুন করে সাজাতে হয়েছে।
তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে-র তথ্য অনুযায়ী, সমস্যাটি শুধু ফ্লাইট বাতিলের মধ্যে সীমাবদ্ধ নয়। বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা দীর্ঘ ও ক্লান্তিকর বাণিজ্যিক ফ্লাইটে যেতে চাইছেন না। তারা ব্যক্তিগত চার্টার্ড বিমানের দাবি জানিয়েছেন। এর আগে গত মার্চে একই ধরনের ব্যবস্থা করেছিল মৌরিতানিয়া।
এ ছাড়া আর্জেন্টিনার মতো বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে খেলার জন্য অতিরিক্ত আর্থিক বোনাসও দাবি করছেন বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা। আয়োজকদের সঙ্গে করা চুক্তিতে শুধু ভ্রমণ ও আবাসনের বিষয়টি থাকলেও ম্যাচ খেলার জন্য বাড়তি কোনো অর্থের উল্লেখ নেই বলে জানা গেছে।
পরিস্থিতি সামাল দিতে সরাসরি হস্তক্ষেপ করেছে বুরকিনা ফাসো সরকার। দেশটির ক্রীড়ামন্ত্রী অ্যানিক উয়াত্তারা, ফুটবল ফেডারেশনের সভাপতি ওমর সুয়াদোগো এবং মরক্কোয় নিযুক্ত রাষ্ট্রদূত মামাদু কুলিবালি দলটিকে আর্জেন্টিনায় পাঠাতে সমাধান খুঁজছেন।
এদিকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে। ৬২তম র্যাঙ্কিংয়ে থাকা বুরকিনা ফাসো দল শনিবার বিকেলে বুয়েনস আইরেসে পৌঁছাবে বলে তারা আশা করছে। শেষ পর্যন্ত বুরকিনা ফাসো সময়মতো আর্জেন্টিনায় পৌঁছাতে পারে কি না, তার ওপরই নির্ভর করছে মনুমেন্টালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি নির্ধারিত সময়ে মাঠে গড়াবে কি না।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


