মেসির অবসরের পরও কেন তুলে রাখা যাচ্ছে না আর্জেন্টিনার ‘১০ নম্বর জার্সি’?

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। আগামী মঙ্গলবার বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ক্যারিয়ারের ২০৮তম ও শেষ ম্যাচটি খেলবেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। তবে মেসির বিদায় ঘটলেও তার বিখ্যাত ‘১০ নম্বর’ জার্সির বিদায় সম্ভব হচ্ছে না।

মেসির অবসরের

২০০৯ সাল থেকেই আর্জেন্টিনার বিশ্বখ্যাত ১০ নম্বর জার্সিটি গায়ে জড়িয়েছিলেন মেসি। এই ফুটবল জাদুকরের সম্মানে সেই আইকনিক জার্সিটি চিরতরে তুলে রাখতে চেয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়মের বেড়াজালে সেই পরিকল্পনা আটকে গেল।

আর্জেন্টাইন ফুটবল প্রধান ক্লদিও তাপিয়া আগেই ইঙ্গিত দিয়েছিলেন, দুই দশকের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে জাতীয় দলকে ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা জেতানো মেসির সম্মানে ১০ নম্বর জার্সিটি অবসরে পাঠানো হবে—অর্থাৎ ভবিষ্যতে আর কোনো আর্জেন্টাইন সেটি পরতে পারবেন না।

তবে ফরাসি ওয়েবসাইট ফুট মারকাতোর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, ফিফার অফিশিয়াল টুর্নামেন্টের কঠোর স্কোয়াড নিয়মের কারণে এটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১ থেকে ২৬ নম্বর পর্যন্ত নির্ধারিত জার্সির স্কোয়াড জমা দিতে হয়। ফলে এর মধ্য থেকে যেকোনো একটি নির্দিষ্ট নম্বর (যেমন ১০) পুরোপুরি বাদ দেওয়া বা খালি রাখার সুযোগ নেই।

যদিও কিছু প্রীতি ম্যাচে এএফএ চাইলে ১০ নম্বর জার্সিটি কারো জন্য বরাদ্দ না দিয়ে খালি রাখতে পারবে, তবে অফিশিয়াল আন্তর্জাতিক প্রতিযোগিতায় কাউকে না কাউকে এই ঐতিহাসিক জার্সি গায়ে জড়াতেই হবে। ফলে মেসি বিদায় নিলেও, ২০৩০ বিশ্বকাপ বা আগামী কোপা আমেরিকায় নতুন কারো পিঠে দেখা মিলবে আর্জেন্টিনার ঐতিহাসিক এই ‘১০ নম্বর’ জার্সির।

Scroll to Top