এর আগে গতকাল মঙ্গলবার হাজিরা হজের মূল স্তম্ভ ‘আরাফাতের ময়দানে’ সমবেত হন। সেখানে তাঁরা ইবাদত–বন্দেগি করেন এবং নামিরাহ মসজিদে হজের খুতবা শোনেন। এরপর সূর্যাস্তের পর তাঁরা মুজদালিফায় যান।
মক্কার পবিত্র কাবা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাত ময়দান ইসলামি ঐতিহ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি আদম ও হাওয়া (আ.)-এর পুনর্মিলনের স্মৃতিবিজড়িত স্থান। এই ময়দানের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জাবালে রহমত’ বা রহমতের পাহাড়, যেখানে হাজিরা ঘণ্টার পর ঘণ্টা দোয়া ও আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ বছরের হজে ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হাজি অংশ নিয়েছেন, যা ২০২৫ সালের তুলনায় ২ দশমিক ০৪ শতাংশ বেশি।
এঁদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন সৌদি আরবের বাইরে থেকে এসেছেন এবং ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন স্থানীয় হাজি ও বাসিন্দা। আন্তর্জাতিক হাজিদের বেশির ভাগই আকাশপথে ভ্রমণ করেছেন।
সৌদি কর্মকর্তারা এই হাজি বৃদ্ধির কারণ হিসেবে উন্নত সেবাব্যবস্থা, হজের ডিজিটাল পদ্ধতি এবং নিরাপত্তা, স্বাস্থ্য ও লজিস্টিক সংস্থাগুলোর মধ্যকার আরও জোরালো সমন্বয়কে কৃতিত্ব দিয়েছেন।



