ওয়ানডে অধিনায়ক পরিবর্তন করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে লিটন কুমার দাসকে। সাদা বলের দুটি ফরম্যাটে নেতৃত্ব দেবেন লিটন। নতুন ওয়ানডে অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটনের নেতৃত্বে দল ভালো করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন তিনি।
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক থাকবেন মেহেদী হাসান মিরাজ, ৩ মাস আগেই এমন ঘোষণা দিয়েছিল বিসবি। তবে মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্স বোর্ডকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করে।
বিশ্বকাপের এক বছর আগে অধিনায়ক পরিবর্তন করতে অবশ্য বেশকিছু বিষয় বিবেচনা করতে হয়েছে বিসিবিকে। বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি পর্যালোচনা করেছেন। এক্ষেত্রে ম্যানেজমেন্টের বিবেচনায় ছিলেন টি-টুয়েন্টি অধিনায়ক লিটন এবং টেস্ট অধিনায়ক শান্ত দুজনেই। এই দুই অধিনায়কই নিজ নিজ ফরম্যাটে অধিনায়কত্বে মুন্সিয়ানা দেখিয়েছেন।
বিসিবি সভাপতি দুই ফরম্যাটের অধিনায়কের সঙ্গেই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল তামিম নিজেই দিয়েছেন নতুন অধিনায়কের ঘোষণা। বোর্ডের এমন সিদ্ধান্তের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন টেস্ট অধিনায়ক শান্ত। তার মতে, ম্যানেজমেন্ট সবকিছু বিবেচনা করে ভালো সিদ্ধান্তটাই নিয়েছে।
অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাতে ঢাকা ছাড়বে টিম টাইগার্স। তার আগেরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে অপ্রাসঙ্গিক হলেও অধিনায়ক পরিবর্তনের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে, পরে জানান এমন।
বলেছেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, বিষয়টা পরিষ্কার ছিল। লিটনকে অভিনন্দন। সে টি-টুয়েন্টি দলকে যেভাবে ভালো জায়গায় নিয়ে এসেছে, ওয়ানডে দলকেও ভালো জায়গায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ম্যানেজমেন্ট দলের জন্য যেটা ভালো মনে করেছে সেই সিদ্ধান্তই নিয়েছে।’



