দীর্ঘ প্রতীক্ষার অবসান। বাংলাদেশিদের জন্য আবারও খুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির পর আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মালয়েশিয়ার সঙ্গে সব খাতের শ্রমিক নিয়োগে নীতিগত ঐকমত্য হয়েছে। এখন দ্রুত কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে কর্মী পাঠানোর প্রস্তুতি চলছে।
মাহ্দী আমিন বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অগ্রগতি সম্ভব হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শ্রমবাজার চালু হলে দেশের অর্থনীতি ও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি সাধারণ মানুষকে দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বৈধ প্রক্রিয়ায় কর্মী পাঠাতে সরকার কঠোর নজরদারি করবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দক্ষ জনশক্তি পাঠানোই সরকারের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ কারিগরি কমিটি খুব শিগগিরই কাজ শুরু করবে। পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতাসহ বিভিন্ন খাতে দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীসহ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



