মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপের রাজধানী মালেতে লাগানো হচ্ছে তিন শতাধিক বাংলাদেশি গাছ। সম্প্রতি মালে শহরের কাউন্সিলে এক অনুষ্ঠানে মেয়র আদম আজিমের কাছে গাছগুলো তুলে দেন বাংলাদেশি মালিকানাধীন দেশটির দ্বিতীয় বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ (এমআই)।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি।
উপহারের গাছগুলোর মধ্যে ৬০টি টার্মিনালিয়া, ৪০টি ডেনোলিক্স রেজিয়া প্ল্যান্ট এবং বাকি ২০০টি স্প্যানিশ চেরিগাছ।
গাছগুলোর ব্যাপারে আহমেদ মোত্তাকি বলেন, ‘লেস’স গ্রিন ইট’ নামে একটি বৃক্ষরোপণ কর্মসূচির জন্য এমআই কলেজের পক্ষ থেকে রাজধানী মালে কাউন্সিলকে গাছগুলো উপহার দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘গাছগুলোর বীজ আমরা বাংলাদেশ থেকে এনেছি। এরপর আড্ডু শহরে এমআই কলেজের নার্সারিতে চারা করা হয়। সেই চারাগাছ এখন বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে।’

২০২২ সালে প্রাতিষ্ঠানিকভাবে প্রথম কৃষি কার্যক্রম দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশটিতে চালু করে এমআই কলেজ। কলেজটির স্কুল অফ এগ্রিকালচারে প্রাথমিকভাবে বাগান তৈরির কোর্স পড়ানো হচ্ছে।
