২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায়ে তিন অভিযোগে ১০ বছরের সাজা ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বাকি ৫ অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
আজ ৩০ জুন মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া।
গত ১৪ই মে এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি যে কোনোদিন রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল। জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ২০২৪ সালের পাঁচই অগাস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে ছয়জন নিহত হন।
এর পরিপ্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে আটটি অভিযোগ এনে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।




