স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য তিনি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ১৪ লাখ টাকা।
মঙ্গলবার মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এক পোস্টে তিনি জানান, সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য মেসির এই অনুদান বড় সহায়তা হবে। পাশাপাশি এই মানবিক উদ্যোগের জন্য আর্জেন্টাইন তারকাকে ধন্যবাদ জানান তিনি।
সাম্প্রতিক দাবানলে মাদ্রিদের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে বহু জমি ও স্থাপনা পুড়ে গেছে এবং নিরাপত্তার স্বার্থে অনেক বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।
মানবিক কর্মকাণ্ডে মেসির সম্পৃক্ততা নতুন নয়। ২০০৭ সালে প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলাভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিশু ও তরুণদের সহায়তা করে আসছেন।




