হায়দ্রাবাদ থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে রাতে যাত্রাবিরতির পর মাঝ আকাশে তিনজন পাইলটই অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। প্রাথমিকভাবে এটি সন্দেহজনক খাদ্য বিষক্রিয়ার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিএ২৭৬ হায়দ্রাবাদ থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার পর তিনজন পাইলটই অসুস্থ হয়ে পড়েন। এর আগে তারা হায়দ্রাবাদে রাতযাপন করেছিলেন।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, উড্ডয়নের সময় প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায় একজন পাইলট গুরুতর অসুস্থ হয়ে দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন। লন্ডনে অবতরণের পর তাকে বিমানেই অক্সিজেন দেওয়া হয় এবং পরে চিকিৎসা দেওয়া হয়। অন্য দুই পাইলটও অসুস্থ বোধ করলেও তারা ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখেন। তবে যাত্রাপথে তাদের শারীরিক অবস্থারও অবনতি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হয়নি। একই সঙ্গে ক্রু সদস্যদের সুস্থতা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেছে। বিমান সংস্থাটি জানিয়েছে, অসুস্থতার ঘটনার পরিপ্রেক্ষিতে হায়দ্রাবাদে ক্রুদের জন্য নির্ধারিত হোটেলের খাবার ও আবাসনের ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তিন পাইলটই ফ্লাইটের আগে একই হোটেলে সকালের নাশতা করেছিলেন। এছাড়া তারা একটি বহিরাগত প্রতিষ্ঠানের সরবরাহ করা বোতলজাত পানিও পান করেছিলেন। ঘটনার পর তিনজনই বিমান নিরাপত্তা প্রতিবেদন জমা দিয়েছেন। অসুস্থতার কারণ নির্ণয়ে তাদের কাছ থেকে বিভিন্ন নমুনাও সংগ্রহ করা হয়েছে। সম্ভাব্য খাদ্য বিষক্রিয়ার উৎস শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
ব্রিটিশ এয়ারওয়েজ যুক্তরাজ্যের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা। লন্ডনভিত্তিক এই এয়ারলাইন বিশ্বের ২০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে এবং এর প্রধান হাব লন্ডনের হিথ্রো বিমানবন্দর।

