মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্রটি

মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্রটি

আশপাশের লোকজন, স্থানীয় দোকানি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির দুটি পক্ষ জায়গাটি দখলের চেষ্টা করছিল। জায়গাটি নিয়ে মামলাও হয়। ফলে এত দিন কেউ দখল করতে পারছিল না। ২০২৬ সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সমমনা দোকানদার সমবায় সমিতির ব্যানারে আবার দখলের চেষ্টা হচ্ছিল। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিএনপি নেতা ফেরদৌসী আহমেদ মিষ্টি এই পক্ষের নেতৃত্বে রয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটি ভেঙে জায়গাটি দখল করে নিয়েছে তারা।

এ বিষয়ে জানতে চাইলে ফেরদৌসী আহমেদ প্রথম আলোকে বলেন, ভাঙচুরের ঘটনা তিনিও শুনেছেন। ব্যস্ততার কারণে যেতে পারেননি। সমমনা দোকানদার সমবায় সমিতির সঙ্গে তাঁর নাম থাকলেও ভাঙচুরের সঙ্গে তিনি জড়িত নন। যেহেতু ভাঙচুরের মামলা হয়েছে, আইনগতভাবেই পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার প্রায় ৫০ বছর ধরে সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দরিদ্র, অসহায় নারী ও শিশুদের বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে বলে প্রথম আলোকে জানান নির্বাহী পরিচালক নাসরিন আখতার। তিনি বলেন, এটি এলাকার হাজারো মানুষের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে তাঁরা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। তিনি জানান, আগামীকাল থেকে সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তার আগেই প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top