জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোট দেওয়ার ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করার দাবি জানিয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে ভোটের বয়স ১৭ করার দাবি এসেছে। ভোটের বয়স ১৭ করার কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও। কিন্তু ভোটের বয়স কমানোর পক্ষে আসলে যুক্তি কী? সেই যুক্তি কি বাংলাদেশের জন্য খাটে? অন্যান্য দেশের অভিজ্ঞতা কী বলে?
আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, কিউবা, ইকুয়েডর, মাল্টা, নিকারাগুয়া—এই ৭ দেশের সব নির্বাচনে ১৬ বছর বয়সীরা ভোট দিতে পারেন। গ্রিস, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর ও সুদানে সব নির্বাচনে ভোট দেওয়ার বয়স ১৭। চাকরিতে যুক্ত থাকলে সার্বিয়া ও বসনিয়ায় ১৬ বছরে ভোট দেওয়া যায়।
তা ছাড়া জার্মানি, বেলজিয়াম, এস্তোনিয়া, ইসরায়েল, স্কটল্যান্ড, ওয়েলস, পুয়ের্তো রিকো—এসব দেশ ও অঞ্চলে স্থানীয় সংসদ, স্থানীয় সরকার বা ইউরোপীয় সংসদের নির্বাচনে ১৬ বছর বয়সীরা ভোট দিতে পারেন।


