
ঢাকা, ২৯ এপ্রিল – ভোজ্যতেলের লিটারপ্রতি দাম চার টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত দামের ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মূল্য সমন্বয়ের পর এখন থেকে বাজারে নজরদারি আরও জোরদার করা হবে। স্থানীয় প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করবে।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার সঙ্গে সঙ্গে দেশের বাজারেও তা কমানো হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর চাপের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, যে কোনো ধরনের মূল্যবৃদ্ধিই ভোক্তাদের জন্য চাপের কারণ হয়। তবে সয়াবিন তেল আমদানিনির্ভর হওয়ায় বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, ভোক্তারা চাইলে রাইস ব্র্যান বা পাম অয়েলের মতো বিকল্প তেলের দিকেও নজর দিতে পারেন।
এনএন/ ২৯ এপ্রিল ২০২৬






