ভালুকায় সরকারকে নিয়ে কটূক্তির পর এলাকায় উত্তেজনা, নারীকে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের ভালুকায় সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাথী আক্তার নামে এক নারীকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

  সোপর্দ

রোববার (২৫ অক্টোবর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঘটনা ঘটে। সাথী আক্তার ওই এলাকার সাথী বিউটি পার্লারের মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে সাথী আক্তারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

পরে স্থানীয় লোকজন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে এ বিষয়ে তার কাছে জানতে চান। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সরকার ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় লোকজন ওই নারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Scroll to Top