
ছবি:সংগৃহীত
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে জয় পেয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এ জয়ের মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটিয়েছেন ৮০ বছর বয়সী এই নেতা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টার পরপরই দ্বিতীয় দফার ভোট শেষে ব্রাজিলের সুপ্রিম ইলেকটোরাল কোর্ট লুলাকে বিজয়ী ঘোষণা করে। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে লুলা পেয়েছেন ৫১ শতাংশের বেশি ভোট। অন্যদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন প্রায় ৪৮ শতাংশ ভোট।
গত ৪ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফায় লুলার চেয়ে এগিয়ে ছিলেন ফ্লাভিও বলসোনারো। ওই নির্বাচনে লুলা পেয়েছিলেন ৪৫ শতাংশ ভোট। অন্যদিকে ফ্লাভিও পেয়েছিলেন ৪৭ শতাংশ। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রথম দফায় পিছিয়ে থাকলেও দ্বিতীয় দফায় ঘুরে দাঁড়ান লুলা। নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট মোকাবিলার প্রতিশ্রুতিকে গুরুত্ব দেন তিনি। পাশাপাশি কর্মঘণ্টা কমানো ও সপ্তাহান্তে বিনা মূল্যে গণপরিবহন চালুর সম্ভাবনার কথাও তুলে ধরেন।
এই জয়ের মধ্য দিয়ে ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসে গড়লেন লুলা দা সিলভা। প্রথম দফায় পিছিয়ে থেকেও দ্বিতীয় দফায় জয়ী হওয়া আধুনিক ব্রাজিলের প্রথম প্রেসিডেন্ট প্রার্থী তিনি। এবারের জয়ের মধ্য দিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পেলেন শ্রমিকনেতা হিসেবে পরিচিত লুলা।
আগামী ৫ জানুয়ারি ২০২৭ তার শপথ নেওয়ার কথা রয়েছে। দায়িত্ব গ্রহণ করলে গণতন্ত্রে ফেরার পর ব্রাজিলের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার নিজের রেকর্ডও ছাড়িয়ে যাবেন তিনি।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

