গত ফেব্রুয়ারি-মার্চে ভারতকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদব নেতৃত্ব হারানোর পাশাপাশি বাদ পড়েছেন দল থেকেও। বেশ কিছু দিন ধরে আলোচনায় থাকা শ্রেয়াস আইয়ার দলে ফিরেছেন অধিনায়ক হয়ে। এই বড় পরিবর্তনের মধ্যেই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ১৫ বর্ষী বৈভব সূর্যবংশী।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং জাপানে হতে চলা এশিয়ান গেমসের জন্য শনিবার দল দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
দলে সবচেয়ে বড় চমক সূর্যবংশী। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি জায়গা করে নিয়েছেন ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায়। নির্বাচকরা তাকে ২০২৮ অলিম্পিক এবং পরবর্তী টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করছেন। আইপিএলে ২০০ এর বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান করার ফল পেলেন তিনি।
ভারতের নতুন অধিনায়ক হিসেবে ডাক পাওয়া আইয়ার অনেক দিন পর টি-টুয়েন্টি দলে জায়গা পেলেন। অধিনায়ক হিসেবে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জেতেন তিনি। এছাড়া ২০২০ ও ২০২৫ সালে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস ফাইনালে ওঠে তার নেতৃত্বেই। ব্যাট হাতেও তিনি দারুণ ছন্দে আছেন। আইপিএলের ২০২৫ মৌসুমে ১৭৫.০৭ স্ট্রাইক রেটে ৬০৪ রান এবং সবশেষ আসরে ১৬৮.৮১ স্ট্রাইক রেটে করেছেন ৪৯৮ রান।
তবে ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে দলে রাখা হয়নি ৩৫ বর্ষী সূর্যকুমারকে। সাম্প্রতিক ফর্মটাও তার ভালো নয়। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ৯ ইনিংসে ১৩৬.৭২ স্ট্রাইক রেটে ২৪২ রান এবং ২০২৬ আইপিএলে ১৩ ইনিংসে ২০.৭৬ গড় ও ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে মাত্র ২৭০ রান করেছেন তিনি।
ভারত টি-টুয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শিভম দুবে, তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।



