
নোয়াখালী, ২৬ এপ্রিল – নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে মো. নিয়ামুল হাসান নামের এক পরীক্ষার্থীর মাথার ওপর পড়ার ঘটনা ঘটেছে। এতে আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে সম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করেছেন ওই শিক্ষার্থী।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর হঠাৎ করে ঘুরন্ত ফ্যানটি নিয়ামুলের ওপর ছিঁড়ে পড়ে। ফ্যানের পাখার আঘাতে তার মাথার এক পাশ কেটে যায়। এই আকস্মিক ঘটনায় ওই হলের অন্য পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পরীক্ষার স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।
আহত নিয়ামুল হাসান দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং জাফরুল হুসাইনের ছেলে।
ঘটনার খবর পাওয়ার পর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা হাসপাতালের একটি মেডিকেল টিম দ্রুত কেন্দ্রে পৌঁছায়। তারা আহত শিক্ষার্থীকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
চিকিৎসা শেষে নিয়ামুল পুনরায় পরীক্ষায় অংশ নেন। চিকিৎসা সংক্রান্ত কারণে সময় নষ্ট হওয়ায় পরীক্ষা শেষে তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন যে কেন্দ্রের কয়েকটি কক্ষ অত্যন্ত পুরাতন ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তারা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো এবং বৈদ্যুতিক সরঞ্জামের সংস্কার দাবি করেন।
বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে চিকিৎসা দেওয়ার পর শিক্ষার্থীটি পরীক্ষা দিতে সক্ষম হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬






