
ঢাকা, ২৫ জুন – চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়িংয়ের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তিস্তা নদীসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় দেশ একমত পোষণ করেছে। প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশের ভূপ্রকৃতি ও বন্যার ঝুঁকি হ্রাসে নদী খনন এবং পরিবেশ সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।
তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও কৌশল বিনিময়ে চীন সরকারের সক্রিয় সহযোগিতা কামনা করেন। বিশেষ করে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পের সফল বাস্তবায়নে কারিগরি সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন যে নদী ভাঙন রোধ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং অভ্যন্তরীণ নৌপথের উন্নয়নে চীন কার্যকর ভূমিকা রাখবে। জবাবে চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়িং বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন যে ২০০৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা বর্তমানে আরও জোরালো হয়েছে। গত বছর চীনা বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন যে এই দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পূর্ণ গবেষণা ও বাস্তবতার ওপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে।
এ সময় তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চীন ভ্রমণের আমন্ত্রণ জানান। বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৫ জুন ২০২৬





