
ওয়াশিংটন, ২২ জুলাই – বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফাইনাল পরবর্তী সময়ে ফিফার অফিশিয়াল ম্যাচ ট্র্যাকারে সাময়িকভাবে পারেদেসের নামের পাশে লাল কার্ডের সংকেত দেখা গেলেও পরে তা সরিয়ে নেওয়া হয়।
ম্যাচ শেষে ফিফা কর্তৃক প্রকাশিত আনুষ্ঠানিক শাস্তির তালিকায় তার নাম রাখা হয়নি। তবে লাল কার্ড না পেলেও পারেদেসসহ আরও কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছে ফিফা।
ফাইনাল শেষে মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং মিডফিল্ডার গাভিকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে পারেদেসের বিরুদ্ধে। ফিফা জানিয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একজন শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে।
তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে। শুধু পারেদেস নন স্পেনের অধিনায়ক রদ্রিকে ঘুষি মারার অভিযোগে ডিফেন্ডার নাহুয়েল মলিনা এবং স্পেনের দানি ওলমোর সঙ্গে বিবাদে জড়ানোর অভিযোগে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও তদন্ত হতে পারে।
এদিকে ফাইনালে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন পারেদেস। তিনি লেখেন কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও তারা দেশের জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।
এস এম/ ২২ জুলাই ২০২৬




