ম্যালান: রবি বোপারা কিংবা ওয়াইস শাহ যেকোনো একজন হবে, আমাকে মেসেজ পাঠিয়েছিল যে এখানে একটা ৫০ ওভারের টুর্নামেন্ট চলছে, আমি আগ্রহী কি না। সমস্যা ছিল পরের দিনই বিমানে উঠতে হতো, তবু আমি সুযোগটা হাতছাড়া করিনি।
আমি তখন আসলে ইংল্যান্ডের বাইরে খেলার জন্য সুযোগ খুঁজছিলাম। কারণ, ওখানে হয়তো কিছু একটা নিয়ে কাজ করছি, কিন্তু সেটা দিয়ে অন্য কোথাও কাজ হবে কি না, তা তো আর আমি জানতাম না। এই পরীক্ষার দরকার ছিল।
যদি এখানে না আসতাম, ধারাবাহিকভাবে বা কীভাবে কম ঝুঁকি নিয়ে রান করা যায়; তা শিখতে পারতাম না। আজকে সকালেও ইথান ব্রুকসকে (এবারের বিপিএলে সিলেট টাইটানসের হয়ে খেলা ইংল্যান্ডের ক্রিকেটার) আমি বলছিলাম ডিপিএলে সুযোগ থাকলে ওর খেলা উচিত—কারণ এই টুর্নামেন্ট ক্রিকেটার হিসেবে অনেক কিছু শেখাবে। এখানে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলা আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় কাছাকাছি মানের চাপের। যদি আপনি পারফর্ম না করেন, তাহলে আপনাকে দ্রুতই বাড়ি যাওয়ার বিমান ধরতে হবে। আপনাকে দলের জন্য ম্যাচ জেতাতেই হবে।

