আদালত অবমাননা বললেন শিশির মনির
সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার অফিস আদেশের পর আজ বিফ্রিং করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইনের বৈধতা নিয়ে করা পৃথক রিট আবেদনকারীদের আইনজীবী হলেন তিনি।
সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার বিষয়ে ব্রিফিংয়ে শিশির মনির বলেন, ‘সরকার গতকাল রাতে যা করেছেন, এটি সিরিয়াস…আদালত অবমাননা। এই সচিবালয়ে যাঁকে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি থেকে শুরু করে ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকার ইচ্ছে করে বিচার বিভাগের সঙ্গে একটা সংঘাত লাগাতে চায়।’
এখনো হাইকোর্ট বিভাগের নির্দেশনা (সচিবালয় প্রতিষ্ঠা) বহাল উল্লেখ করে শিশির মনির বলেন, যে রিটটি (সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন নিয়ে) বিচারাধীন আছে, তা ৭ জুনের পর শুনানির জন্য আসবে। অ্যাটর্নি জেনারেল সেদিন (২০ এপ্রিল) আদালতে মৌখিকভাবে এশিওরেন্স দিয়েছিলেন (আশ্বস্ত করেছিলেন) আর আদালত বলেছিলেন, তাদের ডিজায়ার (চাওয়া) যেন এ সময়ের ভেতরে সচিবালয়কে ডেসট্রয় (বিলুপ্ত) করা না হয়।…এই উইশের (প্রত্যাশা) প্রতি বিন্দু পরিমাণ শ্রদ্ধা দেখান নাই (সরকার)।’ আগামীকাল বৃহস্পতিবার আদালত অবমাননার আবেদন দায়ের করবেন বলেও জানান তিনি।



