বিপিএল সম্প্রচার থাকছে না ভারতের রিয়েল ইমপ্যাক্ট, দায়িত্বে পাকিস্তানের ট্রান্স গ্রুপ | চ্যানেল আই অনলাইন

বিপিএল সম্প্রচার থাকছে না ভারতের রিয়েল ইমপ্যাক্ট, দায়িত্বে পাকিস্তানের ট্রান্স গ্রুপ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে বদলে যাচ্ছে টিভি প্রোডাকশন প্রতিষ্ঠান। ভারতীয় ব্রডকাস্টিং প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্টের বদলে এবার পাকিস্তানের ট্রান্স গ্রুপের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লম্বা সময় ধরে বিপিএলসহ জাতীয় দলের সব খেলা সম্প্রচারের দায়িত্ব ছিল রিয়েল ইম্প্যাক্টের। তবে প্রতিষ্ঠানটিন প্রোডাকশন নিয়ে দর্শকদের অভিযোগ অনেকদিনের। তাই বিপিএলকে সামনে রেখে নতুন ব্রডকাস্টিং প্রতিষ্ঠানকে আনছে বিসিবি।

বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। জানালেন, দর্শকদের আরও মানসম্পন্ন ব্রডকাস্ট দেখাতে এই সিদ্ধান্ত বোর্ডের।

বলেছেন, ‘আমরা যখন বিডিং করেছি…টিভি প্রোডাকশন সার্ভিস নিয়ে অনেকের অনেক অভিযোগ ছিল। সুতরাং নির্দিষ্ট করে দিয়ে এবার আমরা মনোযোগ দিয়েছি যাতে এটা ভালো হয়। ইংল্যান্ড, দুবাই, ভারত থেকে এসেছিল। টিভি প্রোডাকশন হিসেবে ট্রান্স গ্রুপকে নিয়েছি।’

খেলাধুলার প্রোডাকশনে দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে ট্রান্স গ্রুপের। বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রোডাকশন বাজারে সানসেট এন্ড ভাইনের পরই আছে বৈশ্বিক জায়ান্ট ট্রান্স গ্রুপের নাম। তারা মূলত তাদের প্রোডাকশন শাখা ট্রান্স প্রোডাকশন টেকনোলজিসের (টিপিটি) মাধ্যমে বিশ্বব্যাপী খেলাগুলো সম্প্রচার করে থাকে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), এমিরেটস ক্রিকেট বোর্ডসহ (ইসিবি) বিভিন্ন সংস্থার ব্রডকাস্ট প্রোডাকশন পার্টনার হিসেবে কাজ করছে ট্রান্স গ্রুপ।

তাদের সম্প্রচার তালিকায় আছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), টি টেন লিগ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্ট। আসন্ন আইএল টি-টুয়েন্টির সম্প্রচারেরও দায়িত্বেও আছে প্রতিষ্ঠানটি।

Scroll to Top