বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার ২১ জুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে অনেক দক্ষ, এ বিষয় নিয়েও আলোচনা হবে। যারা দেশের বাইরে কাজের উদ্দেশ্যে যেতে চান, তাদের দক্ষ করে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, প্রবাসীরা একসঙ্গে দুটি দেশ গড়ে তুলছেন, একটি নিজের দেশ, অন্যটি যে দেশে তারা বসবাস করছেন। বিদেশে আমরা যদি নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে পারি, রাস্তা-ঘাট পরিষ্কার রাখতে পারি, তাহলে নিজের দেশেও তা সম্ভব। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যদি অন্য দেশের উন্নয়নে অবদান রাখতে পারি, তাহলে নিজেদের দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতেও সক্ষম হব।
মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি দেশটি সফর করছেন। সফরকালে দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমবাজারসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে কথা বলব। বাংলাদেশি কর্মীদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে।
মতবিনিময় সভায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।




