
ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার খবর সরাসরি সম্প্রচারের সময় এনবিসি নিউজের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওর্থ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দুর্ঘটনার সময় এনবিসি৪ লস অ্যাঞ্জেলেসের সংবাদকর্মীরা একটি বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করছিলেন। সম্প্রচারের সময় উপস্থাপক কলিন উইলিয়ামস জানান, সন্ধ্যা ৭টার ঠিক আগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিষয়টি বুঝতে তাদের কয়েক মিনিট সময় লেগেছিল বলেও জানান তিনি। এর কিছুক্ষণ পর এনবিসি৪-এর সম্প্রচার বন্ধ হয়ে যায়।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) তথ্যমতে, স্যান ফার্নান্দো ভ্যালির চ্যাটসওর্থ এলাকায় একটি স্টোরেজ বা গুদামঘরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরে সেখানে আগুন ছড়িয়ে পড়ে।
এলএএফডির মুখপাত্র ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান জানান, হেলিকপ্টারটি একটি বড় একতলা ভবনের পার্কিং লটে থাকা কয়েকটি গাড়ির ওপর বা কাছাকাছি গিয়ে আছড়ে পড়ে। নিহত তিনজনের মধ্যে অন্তত একজন হেলিকপ্টারের বাইরে পার্কিং লটে ছিলেন বলে জানান তিনি। তবে হেলিকপ্টারে কতজন আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর ৫০ জনের বেশি দমকলকর্মী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চালান। আগুনে চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, বাস দুর্ঘটনার স্থানের ওপর দিয়ে হেলিকপ্টারটি উড়ছিল। এরপর ক্যামেরা প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে এবং হেলিকপ্টারটি নিচে আছড়ে পড়ে।
এর আগে মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে একটি এসইউভি শহরের একটি বাসকে ধাক্কা দিলে দুজন নিহত ও ছয়জন আহত হন। ওই দুর্ঘটনার খবর সংগ্রহ করতেই এনবিসির সংবাদকর্মীরা ঘটনাস্থলে ছিলেন।
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তদন্ত করবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…