বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট লড়াই এখন নতুন মাত্রা পেয়েছে। সীমিত ওভারের পাশাপাশি টেস্ট ফরম্যাটেও পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। এরই ধারাবাহিকতায় আগামী বছর ৫টি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। ২০২৬ ও ২০২৭ সালের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজের জন্য সম্প্রতি আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ-ভারত সিরিজ ছাড়াও সেখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (২ টেস্ট), ইংল্যান্ডের বাংলাদেশ সফর (২ টেস্ট) ও পাকিস্তানের বাংলাদেশ সফর (৫টি ওয়ানডে)। এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর চলতি বছরে এবং ইংল্যান্ড ও পাকিস্তানের বাংলাদেশ সফর আগামী বছর হওয়ার কথা রয়েছে।
এই ৪ সিরিজের জন্য বোর্ড এরই মাঝে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে। ২ জুলাই থেকে বিসিবি কার্যালয়ে আগ্রহপত্রের বিস্তারিত নথি পাওয়া যাবে এবং প্রস্তাব ২২ জুলাইয়ের মধ্যে বিসিবিকে জমা দিতে হবে।
বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডেতে এখন পর্যন্ত ৪২ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩৫ ম্যাচে জিতেছে পাকিস্তান, ৭টি ম্যাচে জিতেছে বাংলাদেশ, যে জয়গুলো বেশিরভাগই সাম্প্রতিক সময়ে।


