দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি | চ্যানেল আই অনলাইন

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি | চ্যানেল আই অনলাইন

টানা দুই দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার ২ জুলাই সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটি জানায়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে আন্তর্জাতিক বাজার, স্থানীয় বাজার পরিস্থিতি এবং কাঁচা স্বর্ণের দামের পরিবর্তন বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আগের মূল্য ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৪ হাজার ৫৪৯ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।

Scroll to Top