বাংলাদেশ কেমন খেলছে
বাছাইপর্বে গ্রুপ জি-তে পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শুরুটা হয়েছিল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে। এরপর পর্তুগালের বিপক্ষে ৩–১ গোলে হারে দলটি। ইন্দোনেশিয়ার সঙ্গে পরের ম্যাচে ১–১ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর বুরুন্ডির কাছে ২–০ গোলে হারলেও শেষ ম্যাচে ফিজিকে ৩–১ গোলে হারিয়ে বাছাইপর্ব শেষ করে কিশোরেরা।
পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও দুটি হারে বাংলাদেশের পয়েন্ট ৫। গ্রুপে পঞ্চম হওয়ায় পরের পর্বে দলটির জায়গা হয়েছে টিয়ার ই-তে। তবে একই গ্রুপে থাকা দলগুলোর পরের পর্বের পথ আলাদা হয়েছে।
গ্রুপ জি-তে শীর্ষে থাকা ওয়েলস পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টিয়ার এ-তে উঠেছে, যেখানে নির্ধারিত হবে মূল বিশ্ব চ্যাম্পিয়ন। চারটি জয় পেলেও একটি ম্যাচে হেরে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়া পর্তুগাল খেলছে টিয়ার বি-তে।
বাছাইপর্বের পর টিয়ার ই–তে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল শেষ বত্রিশে। প্রতিপক্ষ ছিল সেশেলস। নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪–২ গোলে জিতে পরের রাউন্ডে ওঠে বাংলাদেশ। গতকাল শেষ ষোলোতে সিঙ্গাপুরের বিপক্ষেও নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে শেষ হয়। এবার টাইব্রেকারে ৪–৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের কিশোরেরা।
এখন লক্ষ্য সেমিফাইনাল।

