
ফরিদপুর, ১১ জুলাই – ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়কে থাকা অন্তত ছয়টি যানবাহনে অগ্নিসংযোগ করে এবং দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় যে ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী এলাকায় পৌঁছালে চাকা ফেটে সড়কের ওপর উল্টে যায়। এতে সড়কের ওপর ডিম ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তা সংগ্রহ করতে এগিয়ে আসেন। ঠিক সেই সময়ে ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাস ভিড়ের মধ্যে থাকা লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং অন্তত সাতজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে নেমে আসেন এবং ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে ঢাকা খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।
স্থানীয়দের তথ্যমতে নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। অন্য নিহতরা হলেন সোয়াদী এলাকার জয়নাল আরিফ ও ওবায়দুর। একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
এনএন/ ১১ জুলাই ২০২৬






