পারস্য উপসাগরে সেনা মোতায়েন নিয়ে দক্ষিণ কোরিয়াকে ইরানের সতর্কবার্তা – DesheBideshe



দক্ষিণ কোরিয়াকে ইরানের সতর্কবার্তা

তেহরান, ৭ সেপ্টেম্বর – পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সেনা মোতায়েন অথবা কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেওয়ার বিষয়ে দক্ষিণ কোরিয়াকে কঠোরভাবে সতর্ক করেছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে, এ ধরনের পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি সমর্থন হিসেবে বিবেচনা করা হবে এবং এর ফলে সিউলকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কোরিয়ান ভাষায় দেওয়া এক বার্তায় এই হুঁশিয়ারি দেন। তিনি উল্লেখ করেন যে, ইরান ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক ৬৪ বছরের বেশি সময় ধরে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে টিকে আছে। সিউলের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তেহরান বরাবরই অত্যন্ত গুরুত্বের সাথে দেখে আসছে বলেও তিনি জানান।

বাঘাই তার পোস্টে আরও উল্লেখ করেন যে, বর্তমান পরিস্থিতিতে ইরানি জাতি যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আত্মরক্ষার চেষ্টা চালাচ্ছে এবং নারী ও শিশুদের ওপর পরিচালিত যুদ্ধাপরাধের কঠোর জবাব দিচ্ছে। এই প্রেক্ষাপটে পারস্য উপসাগর কিংবা হরমুজ প্রণালিতে অন্য কোনো পক্ষের সামরিক অংশগ্রহণ বা উপস্থিতি আগ্রাসী শক্তিকে সরাসরি সহায়তা করার নামান্তর হিসেবে গণ্য করা হবে।

তিনি যোগ করেন, কোনো সার্বভৌম ও দায়িত্বশীল রাষ্ট্রই ইরানের বিরুদ্ধে পরিচালিত জঘন্য ও আগ্রাসী কর্মকাণ্ডে শামিল হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া চাপ বা ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র নিজেদের শুরু করা যুদ্ধের দায় ও ক্ষয়ক্ষতির বোঝা এখন অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

এস এম/ ৭ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top