টাঙ্গাইল-৭ (মির্জাপুর)
এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। তাঁকে পরিবর্তনের দাবিতে গত শুক্রবার সমাবেশ করেছেন আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় সহসাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাবের অনুসারীরা।
এখানে জামায়াতের মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতের শিক্ষাবিষয়ক সম্পাদক আবদুল্লাহ তালুকদার। এখানে গণসংহতি আন্দোলন আলিফ দেওয়ানকে এবং গণ অধিকার পরিষদ তোফাজ্জল হোসেনকে মনোনয়ন দিয়েছে।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান টাঙ্গাইল–৮ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। এখানে অপর দুই মনোনয়নপ্রত্যাশী সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাবিবুর রহমান এবং শিল্পপতি সালাউদ্দিন রাসেল এক হয়ে সভা–সমাবেশ করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন।
সালাউদ্দিন রাসেল বলেন, ‘সাধারণ মানুষ চায় আমি নির্বাচন করি। ওনাদের ইচ্ছাই আমার ইচ্ছা।’
এদিকে এ আসন থেকে নির্বাচন করবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির প্রার্থীকে একদিকে নিজ দলের ‘বিদ্রোহী’ এবং অপর দিকে কাদের সিদ্দিকীর মতো প্রার্থীকে মোকাবিলা করতে হবে।
কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বলেন, তাঁরা কাদের সিদ্দিকীর জন্য নির্বাচনী মাঠে কাজ করছেন।
অবশ্য জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, ‘কাদের সিদ্দিকী ও লতিফ সিদ্দিকীকে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’



