পটুয়াখালীর পায়রা সেতু থেকে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালীর পায়রা সেতু থেকে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। লেবুখালী সেনানিবাসের সেনাসদস্য ও স্থানীয় জেলেদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

পটুয়াখালীর পায়রা সেতু থেকে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা
ছবি: সংগৃহীত

রবিবার (১১ জানুয়ারি) বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যদের সহায়তায় জেলেদের একটি নৌকায় করে ওই শিক্ষার্থীকে নদী থেকে উদ্ধার করা হয়। পরে তাকে লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, তানজিলার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়। তার প্রেমিক একই এলাকার বাসিন্দা সেনাসদস্য সজিব, যিনি বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে মতবিরোধের জেরে অভিমান থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের দাবি।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা বর্তমানে দুমকির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Scroll to Top