ন্যূনতম বল প্রয়োগের কৌশল শিখছে পুলিশ | চ্যানেল আই অনলাইন

ন্যূনতম বল প্রয়োগের কৌশল শিখছে পুলিশ | চ্যানেল আই অনলাইন

প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ন্যূনতম বল প্রয়োগের কলাকৌশল শিখছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণে শেখানো হচ্ছে এসব। ডিএমপির বিভিন্ন ইউনিটের ১৫০ পুলিশ সদস্য অংশ নিয়েছেন এ প্রশিক্ষণে।

সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে প্রশিক্ষণ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় তিনি বলেন, ‘আমরা জনগণের পুলিশ। তাই যে কোনো জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় ন্যূনতম শক্তি প্রয়োগের বিভিন্ন কলাকৌশল আমাদের রপ্ত করতে হবে।’

ডিএমপি কমিশনার প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ ছাড়া প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।

এ সময় পুলিশ সদরদপ্তর ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top