চোটের কারণে ব্রাজিলের প্রথম দুই বিশ্বকাপ ম্যাচে খেলতে না পারলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এমন ইঙ্গিত দিলেও বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রি।
মিয়ামিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড। ম্যাচের আগে হেন্ড্রি বলেছেন, ‘নেইমার ফিরছে? কোনো সমস্যা নেই। তার বিপক্ষে খেলতে আমি স্বচ্ছন্দ বোধ করি। এমন একজন ফুটবলারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছি। সে খেললে এটি হবে দারুণ এক প্রতিদ্বন্দ্বিতা।’
নেইমারের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও রয়েছে হেন্ড্রির। ২০২১ সালে চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের জার্সিতে পিএসজির হয়ে খেলা নেইমারের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।
‘সি’ গ্রুপে দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই সেলেসাওদের নকআউট পর্ব নিশ্চিত হবে। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে থাকা স্কটিশদের জন্য শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে জয়ই সবচেয়ে নিরাপদ সমীকরণ।



