নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ | চ্যানেল আই অনলাইন

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ | চ্যানেল আই অনলাইন

২০২২ কাতার বিশ্বকাপে পর্তুগাল ও স্পেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। এবার বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিলের বিপক্ষে। ম্যাচটি ঘিরে কার্লো আনচেলত্তির ব্রাজিলের বাড়তি সতর্কতা রয়েছে। দেখে নেয়া যাক কেমন হতে পারে বিশ্বকাপ অভিযানে ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ।

আলোচনায় ছিল চোটে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না নেইমার। সেটিই ঘটছে। চোট পুরোপুরি সেরে না ওঠায় সেলেসাওদের হয়ে এখনও অনুশীলনে নামতে পারেননি নেইমার। আনচেলত্তি নিশ্চিত করেছেন, প্রথম ম্যাচে তাকে দেখা যাবে না।

ব্রাজিলের গণমাধ্যম বলছে, অনুশীলনে সেরা ফর্ম দেখিয়ে প্রথম একাদশে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছেন লুকাস পাকুয়েতা। তাকে একাদশে রেখে ৪-২-৩-১ বা ৪-২-২-২ ফর্মেশনে ব্রাজিলকে খেলাতে পারেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।

বাঁ-প্রান্তে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, ডানপ্রান্তে রাফিনহা, মূল স্ট্রাইকার পজিশনে দেখা যাবে ম্যাথিয়াস কুনহাকে। ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কুনহা ও ভিনিসিয়াসের মধ্যে জায়গা অদলবদল করতে পারেন কোচ।

চোটে ওয়েসলি ছিটকে যাওয়ায় রক্ষণে থাকতে পারেন অভিজ্ঞ দানিলো। বাঁ-প্রান্তে থাকতে পারেন অ্যালেক্স সান্দ্রো, সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধবেন মার্কুইনহোস ও গ্যাব্রিয়েল মাগালহেয়েস।

আনচেলত্তির জন্য চিন্তার কারণ হতে পারে বাঁ-প্রান্ত। মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি নিজের পজিশনে বিশ্বসেরাদের একজন। ওভারল্যাপ করতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিছুটা নিচে নেমে রক্ষণে সাহায্য করতে হতে পারে ভিনিসিয়াসকে। এই জায়গায় রিয়াল মাদ্রিদ তারকা কেমন করেবেন সেটার উপর নির্ভর করতে পারে ম্যাচের গতিপথ।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন, অ্যালেক্স সান্দ্রো, গ্যাব্রিয়েল মাগালহেয়েস, মার্কুইনহোস, দানিলো সান্তোস, ব্রুনো গুইমারায়েস, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, ম্যাথিয়াস কুনহা।

Scroll to Top