নাসুম-মোস্তাফিজ-তাসকিন তোপে টেনেটুনে শতকে ডাচরা | চ্যানেল আই অনলাইন

নাসুম-মোস্তাফিজ-তাসকিন তোপে টেনেটুনে শতকে ডাচরা | চ্যানেল আই অনলাইন

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। সফরকারীদের আগে ব্যাটে পাঠিয়েছিলেন লিটন দাস। শুরুতে নাসুম আহমেদের তোপের পর তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানে দাপুটে বোলিংয়ে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়েছেন ডাচরা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১০৪ রান।

সিলেটে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন। সিরিজে প্রথম সুযোগ পাওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ তৃতীয় ওভারে এসেই দুই উইকেট তুলে নেন। পাওয়ার প্লেতে আরেকটি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। আউট করেন ১৭ বলে ২৪ রান করা ওপেনার বিক্রমজিৎ সিংকে।

পাওয়ার প্লের পর মোস্তাফিজ বলে এসেই প্রথম ওভারে উইকেট তুলে নেন। দশম ওভারের শেষ দুই বলে দুই উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে নেদারল্যান্ডসের। নেদারল্যান্ডসের তিন ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন স্পিনার আরিয়ান দত্ত। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার বিক্রমজিৎ। এছাড়া ১২ রান করেন শারিজ আহমেদ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। তাসকিন ও মোস্তাফিজ নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও শেখ মেহেদী।

Scroll to Top