নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা! | চ্যানেল আই অনলাইন

নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা! | চ্যানেল আই অনলাইন

যশোরের মনিরামপুর উপজেলায় নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে ইমামুল হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার ইমামুল হোসেনের নাতনিকে রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ কয়েকজন ইভটিজিং করে। এ ঘটনায় স্থানীয় ঝিকরগাছা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের কাছে বিচার চাওয়া হয়।

এর জের ধরেই সোমবার রাতে মতিনের দোকানের সামনে ইমামুল হোসেনের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ জানান, আমরা তাকে হাসপাতালে আনার আগেই মৃত অবস্থায় পেয়েছি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

Scroll to Top