ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালালে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া একাই পরিস্থিতি সামলাতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি দেওয়া সতর্কবার্তায় তিনি একথা বলেন।
আজ (৯ জুন) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নেতানিয়াহুকে স্পষ্টভাবে সতর্ক করেছে বলেন, আমি তাকে বলেছি, সতর্ক থাকো, নইলে খুব দ্রুত তোমাকে একাই পরিস্থিতি সামলাতে হবে।
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উভয় পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, অযৌক্তিক সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপ না এলে শান্তি প্রতিষ্ঠার জন্য চলমান আলোচনা ইতিবাচক ফল বয়ে আনতে পারে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় ট্রাম্প সরাসরি ফোন করে নেতানিয়াহুকে ইরানের ওপর নতুন হামলা না চালানোর অনুরোধ জানিয়েছিলেন। তবে সেই আহ্বান উপেক্ষা করে সোমবার ভোরে ইরানের কয়েকটি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলের হাইফা এলাকায় একটি অনুরূপ শিল্প স্থাপনা এবং দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
অধিকৃত পশ্চিম তীর অতিক্রম করার সময় বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। তবে উভয় পক্ষের হামলায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।




