ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘আপত্তিকর’ পোস্ট, ভিডিও ও মন্তব্যের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। এই ধরনের কনটেন্ট শনাক্ত করে অপসারণের জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে নোটিশ পাঠানো হচ্ছে।
আজ (২৭ জুলাই) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, দিল্লি পুলিশের একটি বিশেষ দল সার্বক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রীকে নিয়ে শালীনতার সীমা অতিক্রম করেছে বলে বিবেচিত পোস্ট, ছবি, ভিডিও ও মন্তব্য চিহ্নিত করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। নতুন করে এই ধরনের কনটেন্ট শনাক্ত হলেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এই পদক্ষেপ এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলন শেষ হওয়ার পর। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ কয়েকটি দাবিতে টানা ৩৭ দিন আন্দোলন চালায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের আশ্বাসের পর গত শনিবার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি।
সিজেপির দাবি, সরকার নিট-সংক্রান্ত সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারী ও সংগঠকদের বিরুদ্ধে নতুন মামলা না করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশিত বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে পুলিশের এই তৎপরতা নতুন আলোচনা তৈরি করেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত সিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে এখনও দিল্লি পুলিশ আনুষ্ঠানিক কোনো নির্দেশ পায়নি বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

