যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল–থানি। কাতারের দোহায় গত সপ্তাহে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
শেখ মোহাম্মদ বিন জসিম আল–থানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন। গত মঙ্গলবার দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের একটি বৈঠকে ইসরায়েলি হামলার পর কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে নানা কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত রয়েছেন।
ওই হামলায় কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা ছাড়াও হামাসের পাঁচ সদস্য নিহত হন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেওয়া নতুন এক প্রস্তাব নিয়ে হামাসের নেতারা দোহায় আলোচনা করছিলেন।



