দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯১ – DesheBideshe

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯১ – DesheBideshe


দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯১ – DesheBideshe

ঢাকা, ২৫ জুলাই – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত এক দিনে দেশে নতুন করে ৬৯১ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শেষ ২৪ ঘণ্টায় যারা মারা গেছে তারা সবাই হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে। তবে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৭২১ জন শিশু।

এর বাইরে ল্যাবে হাম শনাক্ত হওয়ার পর প্রাণ হারিয়েছে আরও ৯৫ জন। অর্থাৎ সব মিলিয়ে গত কয়েক মাসে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮১৬ জন শিশু মারা গেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ছিল ৭৮ জন এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ছিল ৬১৩।

এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৮১ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৪৭৯ জন বাড়ি ফিরেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনে।

এর মধ্যে ১৫ হাজার ২৭২ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

এস এম/ ২৫ জুলাই ২০২৬



Scroll to Top