‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’ | চ্যানেল আই অনলাইন

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’ | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেশে প্রচার করা যাবে না এবং এই বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত আওয়ামী লীগ তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩০ জুন) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয় তিনি এসব বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় আওয়ামী লীগ কোনো ব্যানার বা নামে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। আদালতের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতেই দলটির কার্যক্রম পরিচালনার বিষয়টি নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী দেশে ওই বক্তব্য প্রচার করা অনুচিত। কিছু গণমাধ্যম এ নির্দেশনা অনুসরণ করছে না। গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা জানান, ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ-ইন প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, বর্ষার পানি সংরক্ষণের জন্য তিস্তা নদীতে আরও একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এটি চীনের অর্থায়নে হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিস্তা বা গঙ্গায় ব্যারেজ নির্মাণের অর্থ এই নয় যে, বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে সরে আসবে। দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই ভারতের সঙ্গে পানিবণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের বিভিন্ন স্থানে আরবি হরফসংবলিত পতাকা উত্তোলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এই ধরনের ঘটনা বিদেশে ভুল বার্তা দিতে পারে, তাই সরকার এই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

Scroll to Top