ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, তাদের ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা বিশ্বব্যাপী জানা। লাতিন দেশগুলোর সাধারণ মানুষ থেকে শুরু করে লিওনেল মেসি, নেইমার জুনিয়ররা বেশ জানেন লাল-সবুজের ঢেউ থেকে তাদের প্রতি সমর্থনের কথা। বাংলাদেশের নাম শুনে আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজের মতো তাই দাঁড়িয়ে গেলেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারও, কথা বললেন এদেশের গণমাধ্যমকর্মীর সঙ্গে।
জর্ডানের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের নাম শুনে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশি সাংবাদিকের সাথে কথা বলেছিলেন আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজ। একই ঘটল ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনের ক্ষেত্রেও। জাপান ম্যাচের পর বাংলাদেশের নাম শুনে হাঁটা থামিয়ে ফিরে এসেছেন অ্যালিসন।
বাংলাদেশের বেসরকারি ক্রীড়া সম্প্রচারমাধ্যম টি স্পোর্টসের সাংবাদিকের মুখে বাংলাদেশের নাম শুনে ফিরে আসেন অ্যালিসন। এসে বলেছেন, ‘ওহ চমৎকার! ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থন দেয়ার জন্য। আমি কিছু ভিডিও দেখেছি, খুবই সুন্দর। আমি দেখেছি তোমাদের। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশকে, আমরা ব্রাজিলিয়ানরা তোমাদের ভালোবাসি। ধন্যবাদ তোমরা যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছ। ঈশ্বর তোমার মঙ্গল করুক।’
টি স্পোর্টসের একটি ভিডিওতে দেখা যায় ব্রাজিল দলের ম্যাথিয়াস কুনহাও জানেন বাংলাদেশ থেকে তাদের হলুদ জার্সির সমর্থকগোষ্ঠীদের সম্পর্কে।



